রোজদিন ডেস্ক : আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক অনিয়মের মামলায় আরও বিপাকে হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবার আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আরজি করের দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে, শুক্রবার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আখতার আলির। কিন্তু তিনি গর হাজির ছিলেন। এদিন আখতারের আইনজীবী বলেন, তিনি অসুস্থ অবস্থায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এর আগে গত চার তারিখে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন আখতার আলি। সেই আবেদন খারিজ হয়ে যায়। তাঁর আইনজীবীর দেওয়া অসুস্থতার তত্ত্বেও সন্তুষ্ট হয়নি আদালত। সিবিআইয়ের আইনজীবী পালটা বলেন, হাজিরা এড়ানোর জন্যই অসুস্থতার ভান করছেন আখতার। এরপরই বিশেষ সিবিআই।আদালতের বিচারক আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এই আখতার আলি। হাইকোর্টের নির্দেশে সিবিআই-এর দুর্নীতি দমন শাখা সন্দীপের বিরুদ্ধে এফআইআর করেছিল। সেই তদন্ত চলাকালীনই ওঠে আখতারের নাম। মজার কথা, যাঁর অভিযোগের ভিত্তিতে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে আসে, সেই আখতার আলির বিরুদ্ধেই পরবর্তীকালে ওঠে একাধিক দুর্নীতির অভিযোগ।

Be the first to comment