বিরোধীদের বিক্ষোভ তুঙ্গে, সোমবার অবধি মুলতবি হয়ে গেল সংসদের অধিবেশন

Spread the love

রোজদিন ডেস্ক : সংসদের মকর দ্বারে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত বিশাল ব্যানার নিয়ে অবস্থান করছেন বিরোধী সাংসদরা। সেখানে খোশমেজাজে দেখা গেল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীকে। পরণে ফুল হাতা ঘন সবুজ গরম পোশাক, হাসিমুখে সিঁড়ি দিয়ে নেমে এলেন, মুখে প্রধানমন্ত্রীকে বিঁধে ধ্বনি, “যো উচিত সমঝো, ওহি করো! ” একটু থামলেন ট্রাম্প – মোদির যুগল ছবির সামনে, মৃদু হেসে আবার এক ই কথা, ” যো উচিত সমঝো, ওহি করো! ”
গত কয়েকদিন ধরেই এই শব্দবন্ধ নিয়ে উত্তাল সংসদ। প্রাক্তন সেনা প্রধান এম এম নারাভানের লেখা বই-এর অংশবিশেষ পড়তে চেয়ে বাধাপ্রাপ্ত হন রাহুল গান্ধী। যা নিয়ে গত কদিন ধরেই তুমুল বিক্ষোভে অচল সংসদ। এর পরই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের ঘোষণা।
সব মিলিয়ে বিরোধীদের ক্ষোভের পারদে প্রতিদিন ই উত্তাল সংসদ। কার্যত নজিরবিহীন ভাবে রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রধানমন্ত্রী র বক্তব্য ছাড়াই লোকসভায় ধ্বনি ভোটে তা গৃহীত হয়।
গতকাল রাজ্যসভায় বিরোধীহীন সভায় দেড় ঘণ্টা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তীব্র ভাষায় আক্রমণ শানান কংগ্রেস-সহ বিরোধীদের।
আজ তা নিয়ে ফের হৈচৈ, প্রতিবাদ। আগামী সোমবার অবধিই সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতবি হয়ে যায়।
উল্লেখ্য, কংগ্রেসের দেশপ্রেম নিয়ে একাধিকবার তির্যক মন্তব্য করেন বিজেপি র সাংসদ, নেতারা। এবার ২০২০ সালে লাদাখ সীমান্তে চিনের অনুপ্রবেশ নিয়ে প্রাক্তন সেনা প্রধানের স্মৃতি কথাকেই হাতিয়ার করেছে কংগ্রেস। যা নিয়ে কিছুটা হলেও সরকার কোণঠাসা বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*