রোজদিন ডেস্ক : রাষ্ট্রীয় গান ‘বন্দে মাতরম’ গাওয়ার বিধি স্থির করে দিল কেন্দ্র। জাতীয় সঙ্গীত ‘জনগণমন’র মতো এবার থেকে সরকারি অনুষ্ঠানে পরিবেশন করতে হবে জাতীয় গানও। ‘বন্দে মাতরম’ পরিবেশনের সময়ে সকলকে উঠে দাঁড়াতে হবে। বুধবার সকালে এক নির্দেশিকায় এ কথা জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় সঙ্গীতের মতো এ ক্ষেত্রেও সময় স্থির করে দেওয়া হয়েছে। ‘বন্দে মাতরম’-এর ছ’টি স্তবক ১৯০ সেকেন্ড বা ৩ মিনিট ১০ সেকেন্ডে পরিবেশন করতে হবে। কোন কোন সময়ে ‘বন্দে মাতরম’ পরিবেশন করা বাধ্যতামূলক, তাও জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। নির্দেশে আরও বলা হয়েছে, যদি রাষ্ট্রীয় গান ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া বা বাজানো হয়, তাহলে প্রথমে বন্দে মাতরম বাজাতে হবে। বন্দে মাতরম গান গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের বাধ্যতামূলক ভাবে উঠে দাঁড়াতে হবে। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই গান বাজানো কিংবা গাওয়া উচিত। জাতীয় পতাকা উত্তোলনের সময়, সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন ও বিদায়ের সময়, জাতির উদ্দেশে তাঁর ভাষণের আগে ও পরে রাষ্ট্রীয় গান বাজানো হবে। পদ্ম সম্মান দেওয়ার সময়ও বাজানো হবে ‘বন্দে মাতরম।’ একই ভাবে রাজ্যপালদের আগমন ও ভাষণের আগে ও পরে ‘বন্দে মাতরম’ গান গাওয়া হবে। তবে সিনেমা হলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়নি এই নির্দেশিকায়।

Be the first to comment