রোজদিন ডেস্ক : আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে চলেছে পরীক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে এবার আরও সতর্ক সংসদ। কোনও পরীক্ষার্থী মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করা হবে। পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরাই শুধু সংসদ অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কোনও পরীক্ষার্থী হিংসাত্মক ব্যবহার কিংবা ক্ষতিকর আচরণ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জরিমানাও করা হতে পারে। এছাড়াও কোনও পরীক্ষার্থী যদি শিক্ষা কর্মী বা শিক্ষকদের ওপর শারীরিক আক্রমণ করে কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করে তাহলে তার চলতি পরীক্ষার পাশাপাশি প্রত্যেকটি পরীক্ষা বাতিল করা হবে এবং অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হবে। নতুন সেমিস্টার ব্যবস্থায় এই প্রথম এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যা সংসদের কাছে বড় চ্যালেঞ্জ। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। এর মধ্যে নতুন সিলেবাসের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থী ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টরি পরীক্ষার্থী ৫৮ হাজার ৪৫২ জন। চতুর্থ সেমিস্টারের পুরনো সিলেবাসের পরীক্ষার্থী রয়েছে ১৪ হাজার ৪৯৪ জন। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে বাড়তি বাস-সহ একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে কড়া নিরাপত্তা।

Be the first to comment