রোজদিন ডেস্ক : বধূ নির্যাতন-সহ দ্বিতীয় বিয়ের অভিযোগের মামলায় শর্ত সাপেক্ষে বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তদন্তে সহযোগিতার পাশাপাশি, তাঁকে দু’সপ্তাহ অন্তর আনন্দপুর থানার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে, এই শর্তে বুধবার তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিনের নির্দেশের পর প্রশ্ন উঠছে, তাহলে কি আদালতে দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করে নিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক? কারণ, প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি। আরও বড় প্রশ্ন, হাইকোর্টে এফআইআর চ্যালেঞ্জ না করে, তা খারিজের আবেদন না করে সরাসরি আগাম জামিন চেয়ে আইনি পথে হাঁটলেন কেন তিনি? আইনজীবীদের মতে, এটা একপ্রকার বধূ নির্যাতন ও দ্বিতীয় বিয়ের অভিযোগ মেনে নেওয়া। তাই এফআইআরকে চ্যালেঞ্জ না করে আগাম জামিন চেয়েছেন তিনি। জানুয়ারিতে হিরণের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে আসে৷ ছবি থেকে জানা যায়, হৃতিকা গিরি নামে এক তরুণীকে তিনি বিয়ে করেছেন৷ এই নিয়ে হইচই পড়ে যায়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না-দিয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ ওঠে হিরণের বিরুদ্ধে৷ এই নিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়৷ এফআইআর দায়ের হয় আনন্দপুর থানায়।অনিন্দিতার অভিযোগের প্রেক্ষিতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ। বুধবার তাঁর আইনজীবীরা বলেন, দ্বিতীয় বিয়ের কোনও ব্যাপারই নেই। তিনি কোনও বিয়েই করেননি। ২৬ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর বিরুদ্ধে ওঠা বধূ নির্যাতনের অভিযোগও ভিত্তিহীন।

Be the first to comment