রোজদিন ডেস্ক : কলকাতার পথেঘাটে দেবদেবী সেজে ঘুরতেন তাঁরা। মূলত ভিক্ষাজীবী এই মানুষরা হাত পাতলে সহানুভূতিশীল মানুষজন সাধ্যমত সাহায্যের কসুর করতেন না। কিন্তু কখন তাঁদের টাকা, মোবাইল নিঃশব্দে সাফ হয়ে যেত, বেশির ভাগ মানুষই টের পেতেন না। যখন টের পেতেন, তখন আর কিছু করার থাকতো না। সম্প্রতি জোড়াসাঁকো থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ। গতকাল এই দেবদেবীর ভেকধারী চার দুষ্কৃতি কলকাতা পুলিশের জালে ধরা পড়েছে। তারা সকলেই গুজরাটের বাদিন্দা বলে পুলিশ জানায়। তারা হল অনিল রামজু সালাত, ধীরু কালোভাই সালাত, সমীরভাই সালাত ও রাজু কুমার। কলকাতা পুলিশ সমাজ মাধ্যমে তাদের ছবি-সহ পরিচয়ও প্রকাশ করেছে। এর নেপথ্যে অনেক কাহিনী আছে বলেও জানিয়েছেন তাঁরা। গিরীশ পার্ক থানায় মোবাইল চুরির তদন্তে পুলিশ পার্ক স্ট্রিট থেকে মহম্মদ সমীর ও মহম্মদ শাহ্ননওয়াজকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চার জনের হদিশ মেলে। তবে এর নেপথ্যে আরও বড় চক্র আছে বলে পুলিশ মনে করে। এখনও তদন্ত চলছে।

Be the first to comment