ডাউনিং স্ট্রিটে ল্যারির পনের বছর!

Spread the love

রোজদিন ডেস্ক : লন্ডনের অভিজাত দশ নম্বর ডাউনিং স্ট্রীটে গত পনেরো বছরে ছয় জন প্রধানমন্ত্রী এসেছেন। কিন্তু ওখানকার রাজ্যপাট বহাল আছে ল্যারির। গত পনেরো বছর ধরে ডাউনিং স্ট্রীটের টানা বাসিন্দা সে। প্রধানমন্ত্রীই হোক, বা মার্কিন রাষ্ট্র পতি, ল্যারি কাউকেই রেয়াত করে না। এমনকি দোর্দণ্ড প্রতাপ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সফরে ক্যামেরার সামনে এসে ছবি বানচাল করা, বা তাঁর গাড়ির নীচে ঘুমিয়েও ছিল সে। দশ ডাউনিং স্ট্রীটের টানা বাসিন্দা ল্যারির এখানে থাকার পনের বছর পূর্ণ হয়েছে রবিবার। এই উপলক্ষে অনেক শুভেচ্ছা বার্তাও পেয়েছে সে। যদিও এতে তেমন হেলদোল নেই তার। প্রাসাদকে ইঁদুর মুক্ত রাখতে সে ব্যস্ত।
পাঠকরা নিশ্চয়ই বুঝেছেন ল্যারি হল একটি বুদ্ধিমান বিড়াল। গত পনের বছর ধরে ডাউনিং স্ট্রীটে থাকার দরুণ ছয় প্রধানমন্ত্রীকে দেখেছে সে। প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে নিয়ে এসেছিলেন। ক্যামেরনের পর আরও পাঁচ প্রধানমন্ত্রী এসেছেন,চলে গেছেন, সাদা ধূসর রঙের ল্যারি সেখানেই থেকে গেছে। মর্জি মত গোটা প্রাসাদে সে বিচরণ করে। বর্তমান প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গেও ভাব আছে তার। প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামাকে মনে ধরেছিল তার। এর বিপরীত আচরণ করে সে বর্তমান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাঁর ছবি তোলার সময় আচমকাই ক্যামেরার সামনে এসে সব পন্ড করে সে। ঘুমিয়ে পড়ে তাঁর গাড়ির নীচেও। যদিও ল্যারিকে ঘাঁটাবার সাধ্য কারও নেই। এখন সে ব্যস্ত প্রাসাদকে ইঁদুর মুক্ত করা। এতে কার কি এসে গেল পরোয়া নেই তার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*