রোজদিন ডেস্ক : গতকালই দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তরুণ নেতা, রাজ্য কমিটির সদস্য (এখন প্রাক্তন) প্রতীক উর রহমানের দল ছাড়ার প্রসঙ্গে “সন্তান সম ” বেদনার কথা বলেছিলেন।

আজ বিকেলে দক্ষিণ ২৪ পরগণার আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করে শাসক দলে যোগ দেওয়ার অব্যবহিত পরেই সিপিএম রাজ্য কমিটি প্রতিক উর রহমানকে বহিষ্কার করলো।
রাজ্য কমিটির পক্ষে এক সংক্ষিপ্ত প্রেস বিবৃতিতে এই কথা জানিয়ে দেওয়া হয়। বলা হয়, দলের রাজ্য কমিটির সদস্য প্রতীক উর রহমানকে গুরুতর দলবিরোধী কার্যকলাপে যুক্ত থাকা ও শত্রু শিবিরে যোগদানের অপরাধে দলের গঠনতন্ত্র অনুযায়ী তৎক্ষনাৎ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা হয়েছে বলে জানানো হয়।
আজ বিকেলে টিএমসি-তে যোগ দিয়ে দলনেত্রী মমতা ব্যানার্জিরও বিজেপি বিরোধিতার ভূয়সী প্রশংসা করেন প্রতীক উর। তাঁর মত অনেকেই চলে আসছেন বলে দাবি করেন।
এই বিষয়ে তরুণ নেত্রী দীপ্সিতা ধর-কে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়ভাবে জানান, এমন কোন কথা তাঁর জানা নেই। এখন এই রকম অনেক কথাই ভাসিয়ে দেওয়া হচ্ছে। দল যা সিদ্ধান্ত নিয়েছে তা সবারই সিদ্ধান্ত বলে তিনি জানান।
অতি সম্প্রতি প্রতীকুরের পাশে দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্যও দল ছাড়ার গুঞ্জন ওঠে। যদিও দুই তরুণ নেতাই তা অস্বীকার করেন।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী প্রতীক উরের প্রশ্নে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের পাশে দাঁড়ান।।বলেন, বিরোধী নেতা হিসাবে সেলিম নির্বাচনে দাঁড়ালে তাঁরা ওঁকে নিশ্চয়ই হারানোর চেষ্টা করবেন। কিন্ত নেতা হিসাবে সেলিম অনেক উচ্চ বলে মন্তব্য করেন।

Be the first to comment