রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের মুখে ফের ভাঙন বিরোধী শিবির। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বুরহানুল মুকাদ্দিমের হাত ধরে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার-বিধায়ক দিপেন্দু বিশ্বাস। তাঁর সঙ্গে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও দাপুটে নেতা কাদের সর্দার, বিজেপি নেতা পার্থসারথি বসু। এদের সঙ্গেই যোগ দিলেন বিরোধী কংগ্রেস, বিজেপি, সিপিএম, আইএসএফের জনপ্রতিনিধি-সহ প্রায় চার হাজার কর্মী। এদিন এতজন নেতা, কর্মী তৃণমূলে যোগদান করায় বসিরহাটে দলের শক্তি কয়েক গুণ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিকমহল। বসিরহাট মহকুমার বসিরহাট ১ নং ব্লকের কংগ্রেস সভাপতি তথা দাপুটে নেতা কাদের সর্দার, প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস, বসিরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা পার্থসারথি বসু যোগ দেওয়ায় উৎসাহী তৃণমূল শিবির। তাদের হাতে পতাকা তুলে দেন বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম, সরোজ বন্দ্যোপাধ্যায়, এটিএম আব্দুল্লারা। ঘরে ফিরে দিপেন্দু ও পার্থসারথি বলেন, ভুল করে বিজেপিতে যোগদান করেছিলাম। পশ্চিমবঙ্গে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের পাশে থাকেন, উন্নয়নের জন্য বদ্ধপরিকর, একদিকে তার উন্নয়নের শরিক হয়ে পাশে দাঁড়াতে, অন্যদিকে তার জনমুখী প্রকল্প বাংলার প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে সেই নেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজ আবার তৃণমূলে যোগ দিলাম।

Be the first to comment