রোজদিন ডেস্ক : আলিপুরদুয়ারের কালচিনিতে আজ সকালে এক পথ দুর্ঘটনায় চা- বাগানের চার মহিলা শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসিমারার দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি তাঁদের ধাক্কা দিয়ে উধাও হয়। তাঁরা সকালে সাইকেলে চা-বাগানে দিন মজুরির কাজে যাচ্ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় তুমুল ক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত স্থানীয় মানুষজন বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ভুটানগামী এশিয়ান হাইওয়ে অবরোধ করেন। এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে প্রকাশ, নিহত ও আহত মহিলা শ্রমিকরা দীর্ঘদিন ভার্নাবাড়ি চা-বাগান বন্ধ থাকায় পাশের এক বাগানে দিন মজুরিতে কাজ করতে যেতেন। আজও সাইকেলে তাঁরা দল বেঁধে সেখানে যাওয়ার সময় হাসিমারার দিক থেকে একটি গাড়ি এসে তাঁদের ধাক্কা দিয়ে উধাও হয়। মহিলারা রাস্তায় ছিটকে পড়েন। নিহত চার জন হলেন পুষ্পা দর্জি, বেরথা খরিয়া, রজনী বার্লা ও অগাস্টিনা মুন্ডা। আশঙ্কাজনক অবস্থায় তিন জন হাসপাতালে ভর্তি আছেন। এই ভয়ংকর দুর্ঘটনায় এলাকায় তুমুল ক্ষোভ, উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, ভার্নাবাড়ি চা-বাগান দীর্ঘদিন ধরে বন্ধ। তা খোলা থাকলে ওঁদের অন্য বাগানে কাজ করতে যেতে হোত না। তাঁরা এর ফয়সালা চান।
আলিপুরদুয়ার জেলা পরিষদ সভাধিপতি স্নিগ্ধা শৈব এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Be the first to comment