রোজদিন ডেস্ক : হঠাৎ পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার মধ্যে রবিবার প্রথমবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে পদত্যাগের কারণ প্রকাশ না করে রহস্য আরও বাড়িয়ে দিলেন তিনি। এদিন সকালে দিল্লি থেকে কলকাতা পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বোস। ইস্তফার কারণ জানতে চাওয়া হলে তিনি সংক্ষিপ্ত উত্তরে বলেন, কারণটি আপাতত গোপনীয়। সময় এলেই তা জানানো হবে। তাঁর কথায়, কারণটা কনফিডেনশিয়াল। সঠিক সময় এলে বলা হবে। একই সঙ্গে তিনি দার্শনিক ভঙ্গিতে বলেন, সব ক্ষেত্রেই প্রবেশ করলে এক সময় প্রস্থান তো হবেই।
রাজভবনের দায়িত্ব ছেড়ে দিলেও বাংলার সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে বলেও জানান বোস। কয়েক দিন আগে তিনি পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। এদিন তিনি জানান, বাংলার ভোটার হতে পেরে তিনি গর্বিত এবং আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে কলকাতায় আসবেন। তবে রাজ্যের বর্তমান প্রশাসনিক পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তাঁর বক্তব্য, তিনি আর রাজ্যপাল নন, তাই প্রশাসনিক বিষয় নিয়ে মন্তব্য করা তাঁর পক্ষে উচিত নয়। শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক সফর এবং প্রোটোকল সংক্রান্ত বিতর্ক নিয়েও মন্তব্য করতে চাননি বোস। রাষ্ট্রপতির প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি এবং তাঁর বক্তব্যে ওপর মন্তব্য করা ঠিক নয়। ২০২২ সালের ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সিভি আনন্দ বোস। তাঁর মেয়াদ ছিল ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস আগেই তিনি পদত্যাগ করলেন।

Be the first to comment