ভাঙা হয়নি প্রোটোকল, রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজনীতি করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে অনুষ্ঠানে রাজ্যের কোনও আমন্ত্রণই ছিল না, সেখানে সংবিধান অবমাননা নিয়ে প্রশ্ন তুলছেন প্রধানমন্ত্রী। এভাবেই রবিবার প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের জবাবে পালটা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দাঁড় করিয়ে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ারে বসে থাকার ছবি দেখিয়ে প্রধানমন্ত্রীর দ্বিচারিতার মুখোশও খুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য প্রশাসন কোনও প্রোটোকল ভাঙেনি।
রবিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ ইস্যুতে সুর চড়ান মমতা। কেন্দ্রীয় সরকারকে পাল্টা তোপ দেগে মঞ্চের স্ক্রিনে একটি ভিডিও দেখান তিনি। সেখানে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসে আছেন আর তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন রাষ্ট্রপতি। মমতা বলেন, এটা পিআইবি-র ছবি। আমার নয়। আর রামমন্দির উদ্বোধনের সময়ে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে দাঁড় করিয়ে রেখে আপনি নিজে বসে আছেন সেটা অপমান নয়। আর এখন বলছে, আমি নাকি অপমান করেছি রাষ্ট্রপতিকে!‌ কোনও প্রোটোকল ভাঙা হয়নি। রাষ্ট্রপতিকে আক্রমণ করে কেউ কোনও কথা বলবে না যতটুকু বলার আমি বলবো। সবচেয়ে দুর্ভাগ্যজনক হল, বিজেপি নিজেদের দলীয় উদ্দেশ্য সাধন করতে দেশের সর্বোচ্চ পদকেও ব্যবহার করছে। দেখুন ছবিটা। সম্মানীয় রাষ্ট্রপতি দাঁড়িয়ে আর প্রধানমন্ত্রী বসে আছেন। কে কাকে অপমান করছে, আপনারাই বলুন?
এরপরেই টি-২০ বিশ্বকাপ ফাইনালের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আজ ইন্ডিয়ার খেলা আছে।খেলাকে সম্মান জানিয়ে আমরা আগে মিটিং শুরু করবো। সঙ্গে রমজান চলছে। সব মিলিয়ে তাড়াতাড়ি মিটিং শেষ করবো। খেলা শুরুর আগে আজকের মিটিং শেষ হবে। বাংলা খেলাধুলো ভালবাসে। আজ ফাইনাল। আর রাজনীতির খেলা হবে ভোটের সময়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যের আদিবাসীদের নিয়ে রিপোর্ট জমা দেবে তৃণমূল। ইতিমধ্যেই দুই সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতির অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই নথি তৈরি করছেন আদিবাসী নেত্রী তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*