রমিত সরকার, কৃষ্ণনগর : ইরানের উপর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার প্রতিবাদে নদিয়ার কৃষ্ণনগরে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই। সোমবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে দলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
প্রতিবাদ সভা থেকে আন্তর্জাতিক রাজনীতিতে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সরব হয় এসইউসিআই নেতৃত্ব। সভাস্থলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরাইলের প্রধানের প্রতিকৃতি তৈরি করে তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এ সময় কর্মী-সমর্থকেরা বিভিন্ন স্লোগান তুলে ইরানের উপর হামলার তীব্র নিন্দা জানান।
এসইউসিআই-এর প্রবীণ নেতা কমল দত্ত বলেন, ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে ধরনের সামরিক হামলা চালিয়েছে, তা সম্পূর্ণ অমানবিক ও অন্যায়। এই ধরনের আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তির পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিশ্বের শক্তিধর দেশগুলির এই সামরিক আগ্রাসন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করে তুলছে। অবিলম্বে এই হামলা বন্ধ করে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট দেশগুলির প্রতি আহ্বান জানান তিনি।
এসইউসিআই নেতৃত্বের দাবি, যুদ্ধ ও আগ্রাসনের রাজনীতি বন্ধ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই আন্তর্জাতিক সমস্যার সমাধান করা উচিত। এই দাবিকে সামনে রেখেই তারা কৃষ্ণনগরে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করেছেন বলে জানানো হয়।
প্রতিবাদ সভাকে ঘিরে পোস্ট অফিস মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক থাকে। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবেই সভা সমাপ্ত হয়।

Be the first to comment