নদীয়ায় বিজেপির পরিবর্তন যাত্রা, কৃষ্ণনগরে সভায় উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার

Spread the love

রমিত সরকার, নদীয়া: রাজ্যজুড়ে বিজেপির ঘোষিত “পরিবর্তন যাত্রা” কর্মসূচি ঘিরে বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে আজ নদীয়া জেলায় অনুষ্ঠিত হয় বিজেপির পরিবর্তন যাত্রা। এদিন যাত্রাটি নদীয়ার নাকাশিপাড়া থেকে শুরু হয়ে কৃষ্ণনগর শহরের পোস্ট অফিস মোড়ে এসে পৌঁছায়। সেখানে একটি জনসভাও অনুষ্ঠিত হয়।

বিজেপি সূত্রে জানা যায়, পরিবর্তন যাত্রাকে ঘিরে সকাল থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। নাকাশিপাড়া থেকে তিনটি সজ্জিত রথ একসঙ্গে যাত্রা শুরু করে। রথগুলির আগে বিপুল সংখ্যক বিজেপি সমর্থক বাইক র‍্যালির মাধ্যমে যাত্রাটিকে এগিয়ে নিয়ে যান। বিভিন্ন এলাকা অতিক্রম করার সময় পথের ধারে দাঁড়িয়ে থাকা সমর্থকরাও যাত্রাকে স্বাগত জানান।

কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পৌঁছানোর পর আয়োজন করা হয় একটি পথসভা। ওই সভায় উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমন ব্যানার্জি এবং জেলার একাধিক বিজেপি নেতা-কর্মী।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগন্নাথ সরকার রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূল সরকারের সমালোচনা করেন এবং আগামী দিনে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দলের বার্তা তুলে ধরা হচ্ছে।

অন্যদিকে, কর্মসূচিকে ঘিরে কৃষ্ণনগর শহরের বিভিন্ন এলাকায় পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছিল। উল্লেখযোগ্যভাবে, পরিবর্তনযাত্রা এবং বাইক র‍্যালিকে কেন্দ্র করে শহরের রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচলেও প্রভাব পড়ে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*