রোজদিন ডেস্ক : জল্পনা ছিল, মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হতে পারে। সূত্রের খবর বড় কিছু না ঘটলে ১৬ মার্চেই বাংলা-সহ পাঁচ রাজ্যে ভোট ঘোষণা হতে পারে। ইতিমধ্যেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানের কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এসে দু’দিন থেকে গোটা পরিস্থিতি পর্যালোচনা করে গিয়েছে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসনিক কর্তা, ডিএম, এসপি-সহ সকলের সঙ্গে বৈঠক করেছেন। তারপরই জানা যাচ্ছে ১৬ তারিখেই ঘোষণা হচ্ছে ভোটের। তাহলে কি বিবেচনাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নির্ধারণের আগেই ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার। বাংলার সঙ্গেই ভোটের দিন ঘোষিত হবে, তামিলনাড়ু, কেরল, অসম ও পুদুচেরির। এরই মধ্যে আরও যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তাহল ক’দফায় ভোট? সূত্রের খবর, ১ থেকে ৩ দফায় ভোট হতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এপ্রিলের শেষে ভোটের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। কারণ, চলতি বিধানসভার মেয়াদ ৭ মে পর্যন্ত রয়েছে। রাজ্যের প্রায় সব বিরোধী দলগুলিই কমিশনকে জানিয়েছে, তারা এক কিংবা দু’দফায় ভোট চান। সূত্রের খবর, সব ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝি সময় হতে পারে প্রথম দফার ভোটগ্রহণ। তবে ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের এই নির্বাচনে কী হবে তা কেউই খোলসা করছেন না।

Be the first to comment