রোজদিন ডেস্ক :
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে দেশে এলপিজি সমস্যা নিয়ে তীব্র উদ্বেগ ব্যক্ত করলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার সংসদে এই প্রসঙ্গে তিনি বলেন, দুর্ভোগের এই তো সবে শুরু! রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নিয়ে সর্বত্র আতঙ্ক দেখা দিয়েছে, রাস্তায় ভেন্ডররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন!!
এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার কে বিঁধে তিনি বলেন, আমেরিকার কাছে নত হয়ে দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার কাছে থেকে তেল কেনা বন্ধ হয়ে গেল!! শক্তি ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলতেই অধ্যক্ষ ওম বিড়লা তাঁর বক্তব্যে বাধা দেন। তিনি বলেন, বিরোধী নেতা বিষয়ের বাইরে গিয়ে বক্তব্য রাখছেন, তিনি ভিত্তিহীন, বদনামি কথা বলছেন।
রাহুল গান্ধীকে শুধুমাত্র গ্যাস নিয়ে তিনি বক্তব্য রাখতে বলেন। হুঁশিয়ারি দিয়ে জানান, কোন সদস্য সভার মর্যাদা হানিকর কথা বললে তিনি মর্যাদা রক্ষার জন্য কঠোর সিদ্ধান্ত নেবেন।
রাহুল গান্ধী তখন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ পুরিকে আক্রমণ করে কুখ্যাত এপস্টিন ফাইলে তাঁর নাম থাকার অভিযোগ তোলেন। বলেন, হরদীপ পুরির কন্যা জর্জ সোরোসের থেকে টাকা নেওয়ার প্রমাণ তাঁর কাছে আছে।
তাঁর এই সব কথার তীব্র প্রতিবাদ করেন পীযুষ গয়াল, কিরেন রিজিজু প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, বিরোধী নেতা ইচ্ছা করে সংসদের কাজ ব্যাহত করার চেষ্টা করছেন।
পরে পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, রাহুল গান্ধী কে গ্যাস নিয়ে বলার জন্য বিশেষ অনুমতি দেওয়া হলেও উনি এলপিজি নিয়ে না বলে আন্তর্জাতিক বিষয়ে বলতে শুরু করলেন!
বিরোধী নেতার বক্তব্যে বাধা দেওয়ায় কংগ্রেস সাংসদদের অনেকে উত্তেজিত হয়ে সভার ওয়েলে নেমে আসেন, সরকার পক্ষের সাংসদদের সঙ্গে তাঁদের বচসা বাধে। পরে
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরি দাবি করেন, দেশে অশোধিত তেলের পরিস্থিতি ঠিক আছে৷ প্রধানমন্ত্রীর সুনাম ও কূটনৈতিক ভূমিকায় দেশে এর কোন অভাব নেই। প্রায় ৪০ টি দেশ থেকে তেল আমদানি করা হচ্ছে। গার্হস্থ্য ক্ষেত্রে সিএনজি, পিএনজির সরবরাহে কোন সমস্যা নেই। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি সভাকে আশ্বস্ত করেন।
কেন্দ্রীয় মন্ত্রী র আশ্বাস সত্বেও পশ্চিম বঙ্গ সহ সারা দেশে এলপিজি সঙ্কট অব্যাহত আছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, বহু বিদ্যালয়ে গ্যাসের অভাবে পড়ুয়াদের মিড ডে মিলের খাবার ও ঠিক ভাবে দেওয়া যাচ্ছে না।
অন্যদিকে রান্নার গ্যাস নিয়ে হাহাকার চলছে। বাড়ি হোক বা রেস্তোরাঁ, সমস্যায় পড়েছেন বহু মানুষ।

Be the first to comment