রোজদিন ডেস্ক : বকেয়া ডিএ-র দাবিতে ধর্মঘটে আজ অচল হতে পারে রাজ্য। পালটা ব্যবস্থা হিসেবে সরকারি কর্মীদের বেতন কাটার হুঁশিয়ারি দিয়ে রেখেছে নবান্ন। নবান্নের হুঁশিয়ারির পর পাল্টা কর্মচারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিলে পালটা আইনি সাহায্যের আশ্বাস দিয়ে রাখলেন কর্মচারিদের।
আজ শুক্রবার সকাল থেকে পূর্ব ঘোষণা মত শুরু হয়েছে ধর্মঘট। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর সরকারি কর্মীদের বিবাদ চরমে পৌঁছেছে। একদিকে ধর্মঘটে অনড় সরকারি কর্মীরা। অন্যদিকে ধর্মঘট বানচাল করতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের। এই আবহে সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি রাজ্য সরকারি কর্মীদের পাশে থাকবেন। আইনি সহযোগিতাও করবে তাঁর দল বিজেপি। রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র জন্য আগেই ১৩ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ ডিএ আগেই মিটিয়ে দেওয়ার কথা রাজ্যের। কিন্তু রাজ্য সরকার তা এখনও দিতে পারেনি। উল্টে সুপ্রিম কোর্টে আরও সময় চেয়েছে।
এই পরিস্থিতিতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। নবান্নের পক্ষ থেকে জারি হয়েছে নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, আজ, সমস্ত সরকারি দফতর ও রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত সংস্থাগুলিকে নিয়মিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। সমস্ত কর্মীদের নির্ধারিত সময় কাজে যোগ দিতে হবে। না হলে শাস্তিমূলক ব্যবস্থারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই অবস্থায় এবার তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

Be the first to comment