রোজদিন ডেস্ক : রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে নজরদারি ব্যবস্থা আরও জোরদার করতে পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, সাধারণ পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা দু’থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানো পারে। তবে ব্যয় পর্যবেক্ষকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব আপাতত নেই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ১৬২ জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল। এবার কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটির জন্য আলাদা করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগের প্রস্তুতি চলছে বলে রাজ্যের সিইও দফতর সূত্রে খবর। পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে ৩৭ জন পুলিশ পর্যবেক্ষক ছিল। কমিশনের প্রস্তাব অনুযায়ী এবার সেই সংখ্যা দু’থেকে তিনগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। নজরদারি আরও শক্তিশালী করতে ওয়েব কাস্টিং ব্যবস্থাকেও নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। রাজ্যের প্রায় সব বুথেই এবার ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে ভোটগ্রহণের সরাসরি ছবি সম্প্রচার করা হবে। ফলে রাজ্যের সিইও দফতরে বসেই বুথে বুথে নজরদারি চালাতে পারবেন ভোট কর্তারা। বুথের ভিতরের পাশাপাশি বাইরে কী ঘটছে, তার ছবিও সরাসরি দেখা যাবে।
সূত্রের খবর, কালীগঞ্জের উপনির্বাচনে পরীক্ষামূলক ভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। বিধানসভা ভোটে তা রাজ্য জুড়ে চালু করার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ গাড়িতে ৩৬০ ডিগ্রি ঘোরানো যায় এমন ক্যামেরা বসিয়ে ভোট প্রক্রিয়ার উপর সরাসরি নজরদারি চালানোর ব্যবস্থাও করা হচ্ছে।

Be the first to comment