রাষ্ট্রপতির ক্ষোভের জের? দার্জিলিং এর জেলাশাসক, শিলিগুড়ির এসপি-কে ডেপুটেশনে চায় শাহের মন্ত্রক

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিধানসভা নির্বাচনের আগে আচমকাই দার্জিলিং-এর জেলাশাসক মণীশ মিশ্র ও শিলিগুড়ির পুলিশ সুপার সি সুধাকর-কে ডেপুটেশনে চাইলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। আচমকা অমিত শাহের দফতরের এই সিদ্ধান্তে রাজ্য প্রশাসনের অন্দরে চাঞ্চল্য দেখা দিয়েছে। গত শনিবার শিলিগুড়িতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর একদিনের সফর ঘিরে কেন্দ্র – রাজ্য কাজিয়া তুঙ্গে উঠেছিল। আন্তর্জাতিক সাঁওতাল পর্ষদের আমন্ত্রণে রাষ্ট্রপতির এই অনুষ্ঠানের কেন্দ্র নিয়ে সরকারি টালবাহানা চলে। যা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেছিলেন খোদ রাষ্ট্রপতি। আগে থেকে ঠিক থাকা সত্বেও তাঁর অনুষ্ঠান স্থল বদল করা হয়। প্রশাসন তাঁর নিরাপত্তার ওজর তুললেও তা ঠিক নয় বলে ইঙ্গিত দেন রাষ্ট্রপতি। সরকারি প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রী তাঁর অনুষ্ঠানে না যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন। প্রশ্ন তোলেন এখানে আদিবাসীদের অনুন্নয়ন নিয়েও। এসআইআরের বিরুদ্ধে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে খোদ মুখ্যমন্ত্রী তীব্র কন্ঠে এই সবের উত্তর দেন। এর জেরে জাতীয় রাজনীতিতেও তোলপাড় ওঠে।

ওই দিন সন্ধ্যায় এই নিয়ে রাজ্যকে তীব্র সমালোচনায় বিঁধে আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর একে একে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ইত্যাদি দফতরের মন্ত্রী, ওজনদার বিজেপি নেতারা ও সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানান। এক সপ্তাহ না যেতেই আচমকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর দার্জিলিং এর জেলাশাসক ও শিলিগুড়ির এসপি-কে দিল্লিতে ডেপুটেশনে চাওয়ায় প্রশাসনের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। চর্চা চলছে নবান্নের অন্দরেও। তাঁদের ডেপুটেশনে নেওয়া নিয়ে অবশ্য নবান্নের মতামত চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
নির্বাচনের আগে রাজ্য সরকার তাঁদের ছাড়বে কিনা, না ছাড়লে সংঘাত হবে কিনা এই সব নিয়ে আমলা মহলেও চর্চা চলছে।
অন্যদিকে রাজ্যের টিএমসি সাংসদরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়েও তাঁদের সময় দেওয়া হচ্ছে না৷ তিনি ব্যস্ত আছেন বলে টিএমসি সাংসদদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এই নিয়েও উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*