রোজদিন ডেস্ক : গতকাল তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি তিনি। আজ লোকভবনে গিয়ে সদ্য দায়িত্ব নেওয়া রাজ্যপাল আর এন রবির সঙ্গে দেখা করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে তাঁর আগমনকে স্বাগত জানিয়ে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেন তিনি। শ্রীমদ্ভাগবত গীতা ও উপহার দেন।
বিধানসভা নির্বাচনের আগে প্রায় ত্রিশ মিনিট তাঁদের আলোচনা হয়। পরে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানান, নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের কথা হয়েছে। রাজ্যের অনুপ্রবেশ সমস্যা-সহ বিভিন্ন বিষয়ে তিনি রাজ্যপালকে অবহিত করেছেন। এমন কি রাষ্ট্রপতিকে অপমান করার অভিযোগও জানিয়েছেন।

রাজ্যের পরিস্থিতি যথা সম্ভব নতুন রাজ্যপালকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন বলে জানান।এবং সংবিধানের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, এই সরকারের আমলে গণতন্ত্রের চারটি স্তম্ভই আঘাতের মুখে পড়েছে। প্রশাসন, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম সব ক্ষেত্রেই সরকার (পড়ুন মুখ্যমন্ত্রী) চাপ তৈরি করছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে নতুন রাজ্যপালের আগমন নিয়ে তাঁরা যে উল্লসিত শুভেন্দু অধিকারীর বক্তব্যে তার ইঙ্গিত মেলে। তাঁর সঙ্গে আজ প্রথম সাক্ষাতেই রাজ্যের পরিস্থিতি নিয়ে নালিশ জানিয়ে রেখেছেন তিনি।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ করলে রাজ্যে রাজনৈতিক সুবিধা মেলে। এমনকি বিচার ব্যবস্থা, কলকাতা উচ্চ আদালতকে অসম্মান করারও অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের অভিযোগও তোলেন।
উল্লেখ্য, গতকাল নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে রাজ্যের সংস্কৃতি, ঐতিহ্যর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল ও বাংলায় সমাজমাধ্যমে পোস্ট করে বিভিন্ন বিষয়ে রাজ্যের পরম্পরার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Be the first to comment