দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, নজর নেই প্রশাসনের — ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা

Spread the love

রমিত সরকার, নদীয়া :

রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের জীবনানন্দ কলোনি এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কারের কোনও কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, পড়ুয়া—সকলকেই প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তার অবস্থা একই রকম রয়েছে। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয় না। তাদের দাবি, এর আগেও একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মাপজোক করে দেখা হয়েছে, কিন্তু বাস্তবে রাস্তা তৈরির কাজ আর শুরু হয়নি। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় ভরে যায়, বড় বড় গর্ত তৈরি হয়। ফলে পথচারী থেকে শুরু করে বাইক ও সাইকেল আরোহীদের চলাচল কার্যত বিপজ্জনক হয়ে ওঠে।

এই রাস্তার উপর নির্ভর করেই প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকায় রয়েছে ফুলিয়া পুলিশ ক্যাম্প এবং একটি শিশুদের কেজি স্কুল। ফলে প্রতিদিন ছোট ছোট পড়ুয়া ও তাদের অভিভাবকদের এই ভাঙাচোরা রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। অনেক সময় পড়ে গিয়ে চোট পাওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরাও সমস্যায় পড়েছেন। তাদের দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে অনেকেই এই রাস্তা ব্যবহার করতে চান না। ফলে দোকানে ক্রেতার সংখ্যা কমে যাচ্ছে এবং ব্যবসায় প্রভাব পড়ছে। শান্তিপুর-ফুলিয়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এমন অবস্থায় পড়ে থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে দোষারোপের পালা। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি উন্নয়নের কথা বললেও বাস্তবে মানুষের জন্য কোনও কাজ করেনি। তাদের অভিযোগ, বিধানসভা, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত দখলে থাকা সত্ত্বেও এলাকার উন্নয়নে কার্যত কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাস্তা নির্মাণের প্রকল্প ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। সরকারি আধিকারিকদের কিছু প্রশাসনিক প্রক্রিয়ার জন্য কাজ শুরু হতে দেরি হচ্ছে বলেও জানানো হয়েছে। বিজেপির দাবি, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়কের উদ্যোগে খুব শীঘ্রই রাস্তা নির্মাণের কাজ শুরু হবে।

এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে প্রশাসন কবে বাস্তব পদক্ষেপ নেয় এবং কবে স্বস্তির মুখ দেখেন জীবনানন্দ কলোনি এলাকার সাধারণ মানুষ।

ছবি : কাজল বসাক

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*