রোজদিন ডেস্ক : অপেক্ষার অবসান, পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট এবার ২ দফাতেই। রবিবার দিল্লির সাংবাদিক বৈঠক থেকে এই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের সঙ্গে এদিন তিনি অসম, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরলের নির্বাচনী নির্ঘন্টও প্রকাশ করেন। বাংলায় এবার ২ দফায় ভোট হবে। প্রথম দফায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল। সেদিন হবে ১৫২ আসনের ভোটগ্রহণ। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেদিন বাকি ১৪২ আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। ৫ রাজ্যের ভোটগণনাই হবে এবার ৪ মে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দুই দফায় রাজ্যে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৪ মে। নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই দফার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি হবে ৩০ মার্চ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই ৭ এপ্রিল এবং প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। ওই দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল।
দ্বিতীয় দফায় বাকি ১৪২টি আসনে ভোট হবে। এই দফার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি হবে ২ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই ১০ এপ্রিল এবং প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, দুই দফার ভোটের ফল ঘোষণা করা হবে ৪ মে। ৬ মে-র মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধিও কার্যকর হয়েছে।

Be the first to comment