রোজদিন ডেস্ক : বিধানসভা ভোট ঘোষণার আগেই ফের রদবদল রাজ্য পুলিশে। বদলি করা হল ২৭ জন ইনস্পেক্টরকে। রবিবার রাজ্য পুলিশের তরফে প্রকাশিত তালিকায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই ইনস্পেক্টর পদে বদলের কথা বলা হয়েছে। ডায়মন্ড হারবারের পুলিশ ইনস্পেক্টর শিবু দাসকে পাঠানো হল বীরভূমের রামপুরহাট থানার আইসি হিসেবে। ডায়মন্ড হারবারের পুলিশ ইনস্পেক্টর পদে আনা হল নিরুপম মণ্ডলকে। তিনি এতদিন ওই পুলিশ জেলার নোদাখালি থানার আইসি ছিলেন। রাজ্য গোয়েন্দা দফতরে সিআইডি এবং আইবি-র ইনস্পেক্টর পদে রদবদল করল রাজ্য পুলিশ। আইবির ইনস্পেক্টর সুসীম গঙ্গোপাধ্যায়কে পাঠানো হয়েছে নোদাখালি থানার আইসি পদে। ওই পদে এলেন অনুপম মণ্ডল। সিআইডি-র ইনস্পেক্টর সুদীপ্ত চক্রবর্তীকে শ্রীরামপুর থানার আইসি করা হয়েছে। ওই পদে আনা হয়েছে সঞ্জীব চক্রবর্তীকে। দার্জিলিং, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, বারুইপুর পুলিশ জেলা, মালদহ, বীরভূম, রানাঘাট জেলার ইনস্পেক্টর পদেও একাধিক বদল করা হয়েছে। প্রশাসন সূত্রে একে রুটিন রদবদল বলা হয়েছে। গত জানুয়ারিতে একসঙ্গে ১৯ জন ইনস্পেক্টরকে বদলি করা হয়েছিল। মাস দুয়েকের মধ্যে আবার বদল করা হল। তাছাড়া সিআইডির ডিআইজি পদ, ওয়েস্টার্ন জোন এডিজি, হাওড়া জয়েন্ট সিপি, আইজিপি পদে বদলি করা হয়েছে। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।

Be the first to comment