এলপিজি বরাদ্দ বাড়ল ৫০শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

Spread the love

রোজদিন ডেস্ক : বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো এক নির্দেশিকায় জানানো হয়েছে, ধাপে ধাপে বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তলের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, ইতিমধ্যে ২০ শতাংশ বরাদ্দের পাশাপাশি আরও ১০ শতাংশ অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। এবার ২৩ মার্চ থেকে আরও ২০ শতাংশ যোগ করে মোট বরাদ্দ ৫০ শতাংশে উন্নীত করা হবে। ওই নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে, এই অতিরিক্ত এলপিজি বরাদ্দ অগ্রাধিকারের ভিত্তিতে হোটেল, রেস্তোরাঁ, ধাবা, শিল্প ক্যান্টিন, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধ শিল্প এবং সরকারি বা স্থানীয় সংস্থার পরিচালিত কমিউনিটি কিচেনগুলিতে ব্যবহার করতে হবে। এছাড়া বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রের এলপিজি ব্যবহারকারীদের সংশ্লিষ্ট তেল সংস্থার কাছে নথিভুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে শহরভিত্তিক গ্যাস বিতরণ ব্যবস্থা বা পিএনজি-র জন্য আবেদন করার কথাও বলা হয়েছে, যাতে ভবিষ্যতে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা যায়। কেন্দ্রের এই সিদ্ধান্তে খাদ্য পরিষেবা, শিল্প এবং ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে জ্বালানি সরবরাহের সমস্যা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*