রোজদিন ডেস্ক : মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল ভারত-সহ একাধিক দেশই। এবার শান্তির দৌত্যে এগিয়ে এসেছে পাকিস্তানও। সুত্রের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শান্তি স্থাপনের জন্য তাঁদের দেশে যুযুধান আমেরিকা ও ইরানকে আলোচনায় বসার আয়োজনে ইচ্ছা ব্যক্ত করেছেন। এই নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আপত্তি নেই বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে ইরানও এই বিষয়ে অনাগ্রহী নয় তার আভাস মেলে। তবে তারা এই সঙ্গে আলোচনার ক্ষেত্র হিসাবে তুরস্কের নামও প্রস্তাব করেছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর পূর্বশর্ত হিসাবে ইরানের উদ্দেশ্যে ১৫ দফা প্রস্তাব দিয়েছেন। ইরান তা মানবে কিনা এখনও পরিস্কার নয়। তবে যুদ্ধ পরিস্থিতি যে ভারত-সহ একাধিক দেশকেই প্রবল উদ্বেগে রেখেছে তা পরিস্কার।
এই পরিস্থিতিতে আমেরিকা – ইরান শান্তি আলোচনায় বসবে কিনা, সেই দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।
সুত্রের খবর, যুযুধান দুই দেশের মধ্যস্থতা করতে আগ্রহী তুরস্কও। ওই দেশের শীর্ষ নেতা হারুণ আর্মাগান আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন।
তবে ইরান প্রকাশ্যে এই নিয়ে কিছু বলা তো দূরস্থান, পরন্তু আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছে। চালিয়ে যাচ্ছে আক্রমণ। অন্যদিকে ইজরায়েলের ভূমিকাও এই সব নিয়ে স্পষ্ট নয়।
ভারত-সহ বিভিন্ন শান্তিকামী দেশ প্রথম থেকেই শান্তি আলোচনা, কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্ব দিয়েছে। গতকাল ট্রাম্প তাঁকে ফোন করার পরও এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ দৌত্যে আগ্রহী পাকিস্তানও। এখন এই দৌত্য কতটা সফল হয়, সেদিকে তাকিয়ে সারা বিশ্ব।
ইরানে আক্রমণের পর নিজের দেশে ও ট্রাম্পের জনপ্রিয়তা হু হু করে কমছে বলে জানা গেছে। প্রথম দিকের হুঙ্কারের সুর কিছুটা নামিয়েছেন তিনি।
এখন ইরান তাঁর প্রস্তাবে সাড়া দেয় কিনা তাই দেখার।

Be the first to comment