রোজদিন ডেস্ক :
শীর্ষ আদালতের জারি করা সময়সীমা পেরিয়ে গেলেও শিক্ষক শিক্ষা কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে নীরব রাজ্য সরকার। এই প্রেক্ষিতে ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষাকর্মীরা ভোটের কাজ বয়কটের কথা ভাবছেন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই কথা জানান। বলেন, এখন অবধি আইওএসএমএস পোর্টালে এই বিষয়ে কোন কথাই নেই। ক্ষুব্ধ কিংকর অধিকারী বলেন,এই নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে। প্রাপ্য ডিএ-র একাংশ না পেলে তা আরও বাড়বে। ফলত, তাঁরা ভোট কর্মীর কাজ বয়কটের সিদ্ধান্ত নিচ্ছেন।
অবিলম্বে সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তিনি।
স্বাস্থ্য বিমা প্রসঙ্গ : রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মীদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা নিয়ে তাঁদের দীর্ঘদিনের দাবি খারিজ করেছে শিক্ষা দফতর।
এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ফের উচ্চ আদালতে গেছে আন্দোলনকারী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, শিক্ষার অধিকার আইনে তাঁদের সঙ্গে স্বাস্থ্য ক্ষেত্রে কোন বৈষম্য করা যাবে না, পরিস্কার বলা আছে। তাঁদের পক্ষে উচ্চ আদালতে দুই বিশিষ্ট আইনজীবী সৌম্য মজুমদার এবং ওসমান গণি মল্লিক এই দাবিতে মামলা লড়ছেন।
কিংকর অধিকারী বলেন, তাঁদের এই প্রাপ্য অধিকার তাঁরা যে কোন মূল্যে ছিনিয়ে আনবেনই। এর জন্য তাঁদের লড়াই জারি থাকবে।

Be the first to comment