রোজদিন ডেস্ক : অসমে দেদার জমি আদানি, আম্বানি কে দেওয়া হচ্ছে বলে তোপ দাগলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। আগামী ৯ এপ্রিল অসমে বিধান সভা নির্বাচনের আগে আজ শেষ রবিবার প্রচার তুঙ্গে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, নিজেদের সমর্থন রক্ষায় ওঁরা শিল্পপতিদের হাতে অসমের সম্পদ তুলে দিচ্ছেন।
অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত বলে তীব্র আক্রমণ হেনে তিনি বলেন, উনি রাজ্যে বিভাজন, ঘৃণা ছড়িয়েছেন। উনি জানেন, কংগ্রেসের “সিংহ”-রা ওঁকে জেলে দেবে।
গত বছর সিঙ্গাপুরে অকাল প্রয়াত জনপ্রিয় গায়ক জুবিন গর্গের প্রসঙ্গ তোলেন তিনি। আরও বলেন, আগে এখানে কখনো বিভাজন, ঘৃণার পরিবেশ ছিল না, যা এই মুখ্যমন্ত্রী করছেন।
অসমের জনতা ও কংগ্রেস নেতাদের কাছে ওঁকে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দিল্লিতে বসে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অসমের জনতাকে নিজেদের ব্যক্তিগত এটিএম বানিয়েছেন। আদানি, আম্বানি, বাবা রামদেবকে দেদার জমি দেওয়া হচ্ছে।
কংগ্রেস ক্ষমতায় এলে চা-বাগানে মজুরি বৃদ্ধি সহ বহু জনকল্যাণমূলক কাজ হবে বলে রাহুল গান্ধী জানান।

Be the first to comment