রোজদিন ডেস্ক : কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী প্রয়াত। রবিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় তিনি প্রয়াত হন। বয়স হয়েছিল একশ ছয়। প্রবীণ চিকিৎসকের প্রয়াণে রাজ্যের স্বাস্থ্য সব সব মহলেই গভীর শোকের ছায়া নেমেছে। দার্জিলিং এ জন্ম তাঁর। অসাধারণ মেধাসম্পন্ন মণি ছেত্রী বিদেশেও চিকিৎসার পাঠ নিয়েছিলেন। দেশে ফিরে এই রাজ্যকেই কর্মক্ষেত্র হিসাবে বেছে নেন। শুধু সুচিকিৎসাই না, তাঁর অমায়িক আন্তরিক ব্যবহার, রোগী, তাঁদের পরিজনদের প্রতি দায়বদ্ধতা অচিরেই তাঁকে জনপ্রিয় করে তোলে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা হিসাবে সরকারি চিকিৎসালয়গুলির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।
অবসরের পরও এই ক্ষেত্রে তিনি অনলসভাবে কাজ করে গেছেন। বয়সের কারণে বছর দুয়েক আগে এতে ছেদ পড়ে।
রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে তিনি ছিলেন অত্যুজ্জ্বল নক্ষত্র বিশেষ। তাঁর মেধা, প্রজ্ঞা, চিকিৎসা শাস্ত্রে অসামান্য অবদানে সমৃদ্ধ হয়েছে বহু প্রতিষ্ঠান। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর চিকিৎসকও ছিলেন তিনি।
চিকিৎসা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানে ১৯৭৪ সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
সরকারি-সহ রাজ্যের চিকিৎসা ক্ষেত্রে আধুনিক চিকিৎসা ব্যবস্থার তিনি নতুন দিগন্ত এনে দিয়েছিলেন।

Be the first to comment