রোজদিন ডেস্ক : আগামীকাল অসমে বিধানসভা নির্বাচনের আগের দিন উদালগুড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরেন দইমারি দল ছাড়লেন। তাঁর এই সিদ্ধান্ত ঘোষণায় বিস্মিত কংগ্রেস-সহ রাজনৈতিক মহল। দলের থেকে সমর্থনের অভাবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সুরেন দইমারি জানান। কংগ্রেসের পক্ষে দাবি করা হয়, তিনি আনুষ্ঠানিক ভাবে দলকে তাঁর পদত্যাগপত্র পেশ করেননি।
১২৬ আসনের অসম নির্বাচন এবার শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের কাছে রীতিমত মর্যাদার লড়াই হয়ে উঠেছে। সেখানে নির্বাচনের আগের দিন এইভাবে প্রার্থী দল ছাড়ায় অস্বস্তিতে কংগ্রেস।
সুরেন দইমারির অভিযোগ, দল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তফশিলি উপজাতিদের স্বার্থ উপেক্ষা করেছে। তিনি মনোনয়নপত্র পেশ করার পর দল তাঁর প্রচারে কোন সহায়তা করেনি। বারবার বলা সত্বেও তাঁর ফোন ধরেনি। ক্ষুব্ধ কংগ্রেস প্রার্থী বলেন, এই দলে থেকে কোন লাভ নেই, এরা শুধু মিয়াদের জন্য কাজ করে, তাঁর মত মানুষদের জন্য কিছু করে না।
নির্বাচনের আগের দিন এইভাবে তিনি পদত্যাগ করলেন কেন প্রশ্নে সুরেন দইমারি বলেন, তিনি দলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেননি, দলই তাঁর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে।
নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, এই মুহূর্তে সুরেন দইমারির প্রার্থী পদ প্রত্যাহারের কোন সুযোগ নেই, তাঁর নাম ইভিএমে আছে, ভোট কর্মীরাও ভোটগ্রহণ কেন্দ্রে চলে গেছেন।
আজ শেষ মুহূর্তে উদালগুড়ির কংগ্রেস প্রার্থীর এই ভাবে দলকে বিড়ম্বনায় ফেলা নিয়ে অসমের রাজ্য রাজনীতিতে গুঞ্জন উঠেছে। এর নেপথ্যে গেরুয়া শিবিরের প্রভাব থাকতে পারে বলেও অনেকে মনে করছেন।

Be the first to comment