রোজদিন ডেস্ক : আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়কে ফের জেরা করতে পারবে সিবিআই। এই সংক্রান্ত একটি মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এদিন বলেন, সিবিআই প্রয়োজন মনে করলে ফের সাজাপ্রাপ্ত সঞ্জয় এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্তের স্বার্থে সিবিআই যেন কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে দ্বিধা না করে। এমনই নির্দেশ দিয়েছে আদালত। এদিন বিচারপতি বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় গোটা ঘটনা সম্পর্কে অনেক কিছুই জানে। তাকে জেরা করতে সমস্ত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করুক সিবিআই। বিচারপতি আরও বলেন, আরজি করে মৃত চিকিৎসকের পরিবার নতুন করে ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছে। তাতে সিবিআইয়ের কোনও আপত্তি নেই। সিবিআই যদি তদন্ত এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে সমস্যা কোথায়? সুপ্রিম কোর্টে আরজি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা চলছে। সেই মামলাই হাইকোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ আদলতের। এদিন বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চে ছিল মামলার শুনানি। আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি।

Be the first to comment