অসম, কেরালাম, পুদুচেরি ভোট গ্রহণ মোটামুটি নির্বিঘ্নে

Spread the love

রোজদিন ডেস্ক : 
অসম, কেরালাম ও পুদুচেরিতে আজ ভোট গ্রহণ মোটামুটি নির্বিঘ্নে সমাপন হয়। এখন অবধি পাওয়া খবরে ভোটের হার সব থেকে বেশি পুদুচেরিতে। আজ এখানে রেকর্ড ৮৬.৯২% ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে অসম, ভোটের হার ৮৪.৪২%, তৃতীয় স্থানে কেরালাম, ভোট পড়েছে ৭৭.৪৫%।
অসমে বিপুল হারে ভোট পড়াকে কোন সাধারণ ব্যাপার নয়, ঐতিহাসিক বলে মন্তব্য করেন বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী বলেন, ভোটারদের মুখে আশা, খুশি, গর্ব দেখেই বোঝা যাচ্ছে কারা জিতবেন! এটি শুধু একটি নির্বাচনের যুদ্ধ নয়, তা আমাদের নাগরিক মূল্যবোধ, আমাদের সংস্কৃতি ও আমাদের ভূমি রক্ষার এক আন্দোলন।
উল্লেখ্য, এবার অসমের ১২৬টি আসনে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে কংগ্রেসের লড়াই হচ্ছে।
১৪০টি আসনের কেরালাম বিধানসভা নির্বাচনে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সন্ধ্যার পরও ভোট দিয়েছেন। ওখানে এবার এলডিএফ বনাম ইউডিএফের জোর টক্করের মাঝে কয়েকটি পদ্ম ফুটতে পারে বলে রাজনৈতিক মহল মনে করেন।
কেন্দ্র শাসিত পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোটের হার এবার রেকর্ড করেছে। ক্ষমতাসীন এনডিএ র সঙ্গে কংগ্রেস – ডিএমকে জোটের লড়াই এখানে জমে উঠেছে।
আজ বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছে অসম, পুদুচেরি থেকে।
কেরালামের কুরকাঞ্চেরিতে এক তরুণী অভিযোগ করেন, তাঁর বাম হাতের মধ্যমায় ব্যান্ডেজ থাকায় প্রিসাইডিং অফিসার তাঁকে ভোট দিতে দেননি। তাঁর দাবি, ওই আঙুলে গুরুতর জখম থাকায় ব্যান্ডেজ করা আছে।
অসমের শ্রীভূমি জেলা সহ একাধিক এলাকায় কিছু গোলমাল হয়। রাঙামাটিতে এক ভোটার ভূয়ো ভোটাররা ভোট দিচ্ছেন বলে অভিযোগ করেন। প্রিসাইডিং অফিসার তা অস্বীকার করলে তিনি ইভিএম ভেঙে দিলে উত্তেজনা দেখা দেয়। এই সব নিয়ে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষ হলে ২৫ জন আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ডিব্রুগড়ে আর একটি সংঘর্ষে এজেপি-র তিন নেতা আহত হন।
কেরালামে ভোট গ্রহণ শান্তিতে হলেও কয়েক জায়গায় ভুয়ো ভোট হচ্ছে বলে প্রতিবাদ দেখানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*