রমিত সরকার, কৃষ্ণনগর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নদিয়ার কৃষ্ণনগরে জোরদার প্রচারে নামল রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি)। বামফ্রন্ট ও বাম সমর্থিত প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে রবিবার শহরে একটি বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে দলটি।
এদিনের মিছিলটি চাষাপাড়া মোড় থেকে শুরু হয়ে শহরের ব্যস্ত পোস্ট অফিস মোড় অতিক্রম করে সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেন আরএসপির বিপুল সংখ্যক কর্মী-সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা এবং মুখে বিভিন্ন রাজনৈতিক স্লোগানে সরব হয়ে ওঠে গোটা এলাকা। বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচারের পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের একাধিক নীতির তীব্র সমালোচনা শোনা যায় স্লোগানে।

মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করার সময় সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। পথচারীদের মধ্যেও কৌতূহল লক্ষ্য করা যায়। দলীয় কর্মীদের দাবি, মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে।
মিছিল শেষে কৃষ্ণনগর সদর হাসপাতালের সামনে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে আরএসপির স্থানীয় ও জেলা নেতৃত্ব উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের ভাষণে বামফ্রন্ট সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে তার তুলনা টানেন। একই সঙ্গে তাঁরা সাধারণ মানুষের কাছে বাম সমর্থিত প্রার্থীদের পাশে থাকার আহ্বান জানান।
আরএসপি নেতৃত্ব জানিয়েছে, নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসবে, ততই এই ধরনের প্রচার কর্মসূচি আরও বাড়ানো হবে। মিছিল, পথসভা ও জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে নিজেদের বার্তা তুলে ধরাই এখন তাঁদের মূল লক্ষ্য।

Be the first to comment