রোজদিন ডেস্ক :
আগামীকাল লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর নির্বাচনী প্রচারে আসা নিয়ে কংগ্রেস কর্মীরা রীতিমত উজ্জীবিত। উত্তরবঙ্গ, মুর্শিদাবাদে তিনি তিনটি সভা করবেন। যা ঘিরে সংশ্লিষ্ট এলাকায় দলীয় মহলে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে উঠেছে।
অন্যদিকে রাহুল গান্ধী তাঁদের ভোট কাটতে আসছেন বলে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, বিজেপিকে রুখতে নিজেদের রাজ্যেই কংগ্রেস ব্যর্থ। অবিজেপি ধর্মনিরপেক্ষ দল হিসাবে তৃণমূল বিজেপিকে রুখে দিচ্ছে, এতে কি কংগ্রেস আর রাহুল গান্ধীর গায়ে জ্বালা ধরছে!!
কংগ্রেস ও রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ আরও বলেন, বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিধায়করা বিজেপি তে যোগ দিয়েছেন। এতে বিজেপি র সরকার গড়তে সুবিধা হয়েছে। বাংলার মানুষ সব জানেন, যাঁরা বিজেপিকে হারাতে চান, তাঁরা অন্য রাজ্যে ব্যর্থ কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, এবার দীর্ঘ কুড়ি বছর পর কংগ্রেস রাজ্যে সব আসনে প্রার্থী দিয়ে এককভাবে লড়ছে। মূলত যেখানে তাঁদের প্রভাব আছে, সেখানে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী প্রচারে আসছেন। উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর দিনাজপুর ইত্যাদি জায়গায় তাঁরা প্রচার করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Be the first to comment