হিংসা ও ভয়মুক্ত নির্বাচন করাতে রাতারাতি গ্রেফতার ১৩৫ জন দাগি অপরাধী

Spread the love

রোজদিন ডেস্ক : মাঝে আর তিন দিনও নেই। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে প্রথম দফার নির্বাচন। তার আগে এক রাতে ১৩৫ জন দাগি অপরাধীকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহার, দক্ষিন ২৪ পরগণা, মালদা, মুর্শিদাবাদের মত চার জেলা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, পুলিশের খাতায় নাম আছে এমন যে সব দাগি অপরাধীরা বাইরে আছে, তাদেরও দ্রুত গ্রেফতার করা হবে। হিংসামুক্ত ও অবাধ ভোটদান সুনিশ্চিত করতেই এমন পদক্ষেপ বলা হলেও এক রাতের মধ্যে এমন বড় সংখ্যায় গ্রেফতারি কার্যত নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে হিংসার ছবিটা বদলে ফেলতে মাঠে নেমেছে কমিশন। প্রশাসনের শীর্ষ মহলে রদবদল থেকে শুরু করে, পুলিশে বদল, সবই করেছে কমিশনের টিম। রাজ্য জুড়ে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ হবে ওইদিন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করাতে দফায় দফায় চলছে বৈঠক। গত শনিবার জেলার পুলিশ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ভোটের দিন অশান্তির ঘটনা নজরে এলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওসিদের সাসপেন্ড করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধুমাত্র স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী নয়, স্পর্শকাতর বুথ লাগোয়া এলাকাতেও চলবে টহল। ভোটারদের ভরসা জোগাতে থাকবে আধাসেনা। স্পর্শকাতর বুথে যাওয়ার সব রাস্তা ও গলিতেও মোতায়েন থাকবে আধাসেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*