আই প্যাক মামলা ব্যতিক্রমী, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক :
বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সংস্থা ইডি-র মামলা নিয়ে আজ শীর্ষ আদালত সরগরম হয়ে ওঠে।
রাজ্য সরকারের পক্ষে আইনজীবীর বক্তব্য, ইডি-র এই মামলা করার কোন এক্তিয়ারই নেই।
এই বিষয়ে কেন্দ্রের আইনজীবীর দাবি, মামলা তাঁদের পক্ষে না যাওয়ায় তা খারিজের চেষ্টা করছে রাজ্য।
উভয় পক্ষের বক্তব্য শুনে শীর্ষ আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এই মামলা ব্যতিক্রমী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র জানান, এটি মূলত কেন্দ্র ও রাজ্যের বিরোধ নয়। বরং, একজন ব্যক্তির কাজ, ঘটনাক্রমে যিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এতে পুরো প্রশাসনিক ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে।
কেউ কখন ও কল্পনা করতে পারেননি যে, এই দেশে এমন একটি দিন আসবে যখন কোন মুখ্যমন্ত্রী অন্য একটি তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করবেন!
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কলকাতায় ভোট কুশলি সংস্থা আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে ইডি অভিযান ঘিরে নাটকীয় পরিস্থিতির উদ্ভব হয়। ইডি-র তল্লাশি চলাকালীন আচমকাই খোদ মুখ্যমন্ত্রী সেখানে যান ও বেশ কিছু নথিপত্র নিয়ে চলে আসেন। ইডি-র দাবি ছিল, কয়লা দুর্নীতির তদন্তে এই তল্লাশি।
অন্যদিকে মুখ্যমন্ত্রী প্রকাশ্যেই অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে তাঁদের দলের সব খবর বার করতে বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ হচ্ছে।
মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি নিয়ে ইডি পরে আদালতে যায়। শীর্ষ আদালতে এর শুনানি চলছে।
বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি আঞ্জেরিয়ার বেঞ্চে চলা এই মামলা চলছে। ইডি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই এফআইআর নথিভুক্ত করতে চায়।
রাজ্যের পক্ষে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় ইডি-র এই প্রস্তাব বিপজ্জনক।
বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*