রোজদিন ডেস্ক : প্রথম দফার ভোটের আগের দিন একের পরে এক সভার পর হাওড়ায় পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিবপুরে দলীয় প্রার্থী রানা চট্টোপাধ্যায় ও দক্ষিণ হাওড়ায় নন্দিতা চৌধুরীর সমর্থনে বুধবার এই পদযাত্রা করেন তৃণমূলনেত্রী। হাওড়ার শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত পদযাত্রায় জনস্রোত রাস্তায়। রাস্তার দু’ধারে দাঁড়ানো জনতার উচ্ছ্বাস ও আবেগে অভিভূত জননেত্রী।

বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয় পদযাত্রা। শঙ্কর মঠ থেকে ক্যারি রোড পর্যন্ত পথ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মেলাতে দেখা যায় দুই প্রার্থীকে। ছিলেন বালির প্রাথী কৈলাস মিশ্রও। ছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। পথজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মানুষ ফুল দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। পদযাত্রার সময় বহু মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় জননেত্রীকে। দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান স্থানীয়দের। এক খুদের থেকে ফুল নিতেও দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে।


Be the first to comment