রমিত সরকার, নদীয়া :
রানাঘাট মহকুমার তাহেরপুর থানার পুলিশের তৎপরতায় বড়সড় অপরাধমূলক পরিকল্পনা ভেস্তে গেল বলে দাবি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে মালবোঝাই একটি গাড়ির পিছু ধাওয়া করে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার বীরনগর বাজার এলাকার আনন্দনগর আন্ডারপাসের সামনে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি এবং চারটি মোবাইল ফোন। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ব্যবহৃত গাড়িটিও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে তাহেরপুর থানার ওসি জয় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পায় যে, একটি মালবোঝাই গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতী এলাকায় প্রবেশ করছে এবং তারা বড়সড় কোনও অপরাধমূলক কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। খবর পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। আনন্দনগর আন্ডারপাস সংলগ্ন এলাকায় নজরদারি শুরু করা হয়।
এরপর সন্দেহজনক গাড়িটিকে দেখতে পেয়ে পুলিশ থামার সংকেত দিলে গাড়িটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। শুরু হয় রীতিমতো ফিল্মি কায়দায় ধাওয়া। বেশ কিছুটা পথ পিছু নেওয়ার পর অবশেষে পুলিশ গাড়িটিকে আটকাতে সক্ষম হয়। গাড়িতে থাকা চারজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও গুলি।
ধৃতদের নাম নারায়ণ পারুই, রাজু পারুই, সৌম্যদীপ ও সুজন। তাদের থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করা হয়। পুলিশ মনে করছে, ধৃতরা কোনও সংগঠিত অপরাধচক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কারা এর যোগানদাতা এবং কী উদ্দেশ্যে তা ব্যবহার করার পরিকল্পনা ছিল, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্তকারীরা।
শনিবার ধৃত চারজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তাহেরপুর থানার পুলিশ। এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Be the first to comment