রোজদিন ডেস্ক : ফের বড় ধাক্কা তৃণমূলের অন্দরে। একযোগে ইস্তফা দিলেন ডায়মন্ড হারবার পুরসভার ৮ তৃণমূল কাউন্সিলর। সোমবার তাঁরা তাঁদের পদত্যাগপত্র জমা দেন। এদিন দুপুরে পদত্যাগী কাউন্সিলররা মহকুমা শাসকের দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে পদত্যাগপত্র তুলে দেন। এই পুরসভার মেয়াদ শেষ হতে এখনও প্রায় ৮ মাস বাকি। পদত্যাগের পর তাঁদের অভিযোগ, ডায়মন্ড হারবার এলাকায় বেআইনি নির্মাণ, একের পর এক পুকুর ভরাট এবং তোলাবাজির মতো ঘটনায় প্রশাসনের ভূমিকায় তাঁরা দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন ওই কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, এলাকার উন্নয়নের স্বার্থেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তথাকথিত ডায়মন্ড হারবার মডেল নিয়েও কটাক্ষ করেন তাঁরা। বর্তমান পুর বোর্ডের ১৬টি ওয়ার্ডই তৃণমূলের দখলে। এর মধ্যেই এদিন পদত্যাগ করলেন ২ নম্বর ওয়ার্ডের মঞ্জু মণ্ডল, ১১ নম্বর ওয়ার্ডের অলোক হালদার, ৯ নম্বর ওয়ার্ডের স্বপন দাস, ১৬ নম্বর ওয়ার্ডের দেবকী হালদার, ৮ নম্বর ওয়ার্ডের মৃদুল হালদার, ৭ নম্বর ওয়ার্ডের তমাল হালদার, ১ নম্বর ওয়ার্ডের দিব্যেন্দু হালদার এবং ১৩ নম্বর ওয়ার্ডের অমিত সাহা।

Be the first to comment