মমতার ধরনা মঞ্চ বাঁধতে বাধা দিল পুলিশ, ঘটনাস্থলে কুণাল, বৈশ্বানর, সন্দীপ বক্সিরা

Spread the love

রোজদিন ডেস্ক : একাধিক ইস্যুতে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে আগামীকাল মঙ্গলবার কলকাতার রানি রাসমণি রোডে ধরনা কর্মসূচির ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। ভোট পরবর্তী হিংসা, হকার উচ্ছেদ-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল। কিন্তু কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হলেও সোমবার বিকেল পর্যন্ত লালবাজারের তরফে সবুজ সংকেত মেলেনি। এই অবস্থায় সোমবার ধরনা মঞ্চ বাঁধতে গেলে কর্মীদের বাধা দিল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, সন্দীপ বক্সিরা। তারা গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে কুণাল জানান, তৃণমূলনেত্রী পথে নামছেন, কিন্তু ওরা নামতে দেবে না। বিজেপি এবার পুলিশকে ব্যবহার করছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা। মঙ্গলবার ওয়াই চ্যানেলে তাঁরা যাবেন। দু’ঘণ্টার জন্য ধরনা কর্মসূচি পালিত হবে। জানা গিয়েছে, অনুমতি পেলে মঙ্গলবার সকাল ১০টা থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হবে এবং বিকেল নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এই ধরনা মঞ্চে যোগ দেবেন। কুণাল জানান, কর্মসূচির জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল আগেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*