রমিত সরকার, কৃষ্ণনগর :
আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে কৃষ্ণনগরের একটি যোগ কেন্দ্রের উদ্যোগে চলছে বিশেষ যোগ প্রশিক্ষণ শিবির। আন্তর্জাতিক যোগ দিবসকে সফলভাবে উদযাপনের লক্ষ্যে গত কয়েকদিন ধরেই নিয়মিত অনুশীলন ও প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন প্রশিক্ষণার্থীরা।

জানা গিয়েছে, এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অধিকাংশই ৪০ থেকে ৭০ বছর বয়সি মহিলা। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং নিয়মিত স্বাস্থ্যচর্চার প্রতি সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাঁরা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের অনুশীলন করছেন।

যোগ কেন্দ্রের প্রশিক্ষকদের মতে, বয়স বাড়লেও নিয়মিত যোগাভ্যাস মানুষের শরীরকে সচল রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্ব যোগ দিবস উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারাই জেলার মূল বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সম্মিলিত যোগ প্রদর্শনের মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা তুলে ধরবেন। ইতিমধ্যেই তাঁদের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে এবং বিশ্ব যোগ দিবসকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে যোগ কেন্দ্র জুড়ে।

Be the first to comment