রোজদিন ডেস্ক :
আগামী কাল সব বিদ্যালয়ে যোগ দিবস পালন করার সঙ্গে খেলার মাঠ সহ ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দাবি উঠলো। বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি এই দাবিতে বিদ্যালয় শিক্ষা মন্ত্রীকে চিঠি দিয়েছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, পড়ুয়া-সহ সব মানুষের শরীর সুস্থ সবল রাখতে যোগ ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এর সঙ্গে পড়ুয়াদের সার্বিক বিকাশে শিক্ষার সঙ্গে ক্রীড়া ও অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার এত বছর পর ও বহু বিদ্যালয়, বিশেষত বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়েই কোন ক্রীড়া পরিকাঠামো নেই বললেই হয়। সারা দেশের আড়াই লক্ষ ও এই রাজ্যে ৩০ হাজার বিদ্যালয়ে খেলার মাঠও নেই।
আনন্দ হান্ডা আরও বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে প্রায় কোন প্রশিক্ষণ ছাড়াই রাজ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছে। এর বেশির ভাগ খরচও শিক্ষকরাই বহন করেন। সফল প্রতিযোগীদের ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির কোন প্রয়াসও নেই।২০১৮ সালে কেন্দ্রীয় সরকার যে খেলো ইন্ডিয়া প্রকল্প চালু করেছিল, তার একটু সুযোগও এখানকার শিশুরা পায়নি।
তাই যোগ দিবস পালনের পাশে সব বিদ্যালয়ে ক্রীড়া প্রশিক্ষক নিয়োগ, আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহ, ক্রীড়া প্রতিযোগিতা চালু ইত্যাদি ব্যবস্থা নেওয়ার জন্য তিনি দাবি জানান।

Be the first to comment