প্রতিবেদন: ইউনেস্কোর নাম জুড়ে দুর্গাপুজোর প্রিভিউ শো-এর নাম করে প্রতারণা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, আগামী ৪ জুলাইয়ের মধ্যে রাজ্যকে এই মামলার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। এই প্রতারণায় কত টাকা আদায় হয়েছে তাও জানাতে হবে রাজ্যকে। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। অভিযোগ, ইউনেস্কোর নাম ভাঙিয়ে চড়া দামে দুর্গাপুজোর টিকিট বিক্রি করেন প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী মধুছন্দা সেন। বেআইনিভাবে প্রি-পুজোর টিকিট বিক্রি করত মন্ত্রীর স্ত্রীয়ের সংস্থা ‘মার্স আর্ট’। এরপর ইন্দ্রনীল ও মধুছন্দার বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক পর্যটন সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়। সেই মামলাতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্বস্ত্রীক ইন্দ্রনীল। এদিন মামলার শুনানিতে বিচারপতি সেনগুপ্তের প্রশ্ন তোলেন, কত টাকা সংগ্রহ হয়েছে? অভিযোগকারীর আইনজীবী জিষ্ণু সাহা বলেন, দু’বছর ধরে মার্স আর্ট ৪ হাজার টাকা করে নেয় পাস দেওয়ার জন্য। অনুমতি ছাড়াই এই সংগঠন ইউনেস্কোর লোগো ব্যবহার করেছে। তার উত্তরে ইন্দ্রনীল ও মধুছন্দার আইনজীবী বলেন, ইউনেস্কো কখনও কোনও অভিযোগ করেনি। প্রিভিউ শো-তেই শুধু ইউনেস্কো থাকত। টাকা নেওয়া হলেও টিকিটে কখনও ইউনেস্কোর লোগো ব্যবহার হয়নি।

Be the first to comment