প্রতিবেদন: চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশ যেতে চান। এর জন্য গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদনের দ্রুত শুনানিরও আর্জি জানান তিনি। কিন্তু এই মামলায় বুধবার হাইকোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত সাফ জানিয়ে দিয়েছে দ্রুত শুনানি সম্ভব নয়। বুধবার তাঁর আবেদনের দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তালিকায় যত নম্বরে অভিষেকের মামলা রয়েছে, সেই অনুযায়ীই শুনানি হবে। দ্রুত শুনানি হবে না। চোখের চিকিৎসার জন্য এক সপ্তাহের বিদেশ সফরের অনুমতি চেয়েছেন অভিষেক। একই কারণে, এর আগেও একাধিকবার বিদেশ গিয়েছেন অভিষেক। ২০১৬ সালের ১৯ অক্টোবর দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে হুগলির সিঙ্গুরে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি। ওই দুর্ঘটনায় তার বাঁ চোখের নিচে গুরুতর আঘাত লাগে। ওই দুর্ঘটনার পর থেকে চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। হায়দরাবাদ, দুবাই, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও চিকিৎসা করিয়েছেন। তাঁর চোখে অস্ত্রোপচারও হয়েছে।

Be the first to comment