রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে। আজ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘোষণা করেন।
বাজেট বিতর্কের জবাবি ভাষণে তিনি জানান, প্রাক্তন সরকারের শাসনকালে রাজ্যের সব সরকারি দফতরের কাজকর্ম নিয়ে শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিভিন্ন সরকারি দফতরের কাজকর্ম নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখে এই শ্বেতপত্র প্রকাশ করা হবে। একই সঙ্গে সিএজি রিপোর্টও জনসমক্ষে আনা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। কিভাবে ( প্রাক্তন) রাজ্য সরকারের ঋণের বোঝা বেড়েছে, অর্থ দফতর তা ব্যাখ্যা করবে। জানানো হবে কত অব্যবস্থাপনার জন্য এই সব হয়েছে। কেন একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েও শেষ হয় নি, অন্য দফতরগুলি তা বোঝাবে বলে তিনি জানান।
স্বপন দাশগুপ্ত আরও বলেন,প্রাক্তন সরকারের আমলে জলাজমি, জমি বন্টন, প্রকল্প রূপায়ণ ইত্যাদি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, শ্বেতপত্র প্রকাশিত হলে এই সব স্পষ্ট হবে।
উল্লেখ্য ক্ষমতায় আসার পর থেকে প্রাক্তন সরকারের দুর্নীতি নিয়ে লাগাতার তোপ দাগছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ও বিধান সভায় তারাতলায় বিপর্যয়ের প্রসঙ্গে বিবৃতি দেওয়ার সময় ও বিরোধী তৃণমূল কে তোপ দেগে তিনি বলেন, একটা ও জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। এই সব ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে তিনি হুঙ্কার দেন।
পরে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর প্রাক্তন সরকারের আমলে হওয়া দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment