রোজদিন ডেস্ক : কেচোঁ খুড়তে সাপ! বারুইপুরে ১২ বছরের ওই নাবালিকাকে গণধর্ষণ ও খুন করে ফেলে দেওয়া হয়েছিল একটি পুকুরে। রবিবার ওই পুকুর থেকেই উদ্ধার হয় তাঁর বস্তাবন্দি দেহ। ঘটনার পর ২৪ ঘন্টাও কাটল না। ওই পুকুর থেকেই উদ্ধার হল আরও এক পচাগলা দেহ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নাবালিকা খুনের ঘটনার ক্লু খুঁজতে এবং পুকুরে আর কোনও প্রমাণ আছে কিনা জানতে তদন্তকারীরা সেখানে তল্লাশি চালান। সেই সময় পুকুরে এক ব্যক্তির পচাগলা দেহ ভেসে ওঠে। শনাক্তকরণের পর জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, গত শুক্রবার থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং প্রায় ৭২ ঘণ্টা তাঁর কোনও হদিস মেলেনি। কৃষ্ণকান্তের সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা, সে সবই খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দুটি দেহ উদ্ধারের মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা, তাও জানার চেষ্টা চলছে।

Be the first to comment