রোজদিন ডেস্ক : বারুইপুরের ঘা এখনও দগদগে। এই ক্ষতের মধ্যেই ফের পুকুর থেকে আরও এক মহিলার দেহ উদ্ধার। এবারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার গুমার তাজপুর এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে অশোকনগর থানার গুমা ২ নং গ্রাম পঞ্চায়েতের তাজপুর এলাকায় একটি ক্যাফের পাশের জলাশয় থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। আনুমানিক ৩০ থেকে ৩২ বছর বয়সী এই মহিলার কে, কীভাবে মৃত্যু? সবকিছু মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, রাতের দিকে ওই এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা লেগেই থাকে। রাজ্যে পালাবদলের পরও পুলিশি টহলদারির কোনও বালাই নেই। মৃতার দেহের অবস্থান এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে স্পষ্ট যে, এটি কোনও নিছক দুর্ঘটনা নয়। প্রাথমিক অনুমান, মহিলাকে অন্য কোথাও খুন করে, প্রমাণ লোপাট করতে ওই নির্জন জলাশয়ে ফেলে গিয়েছে খুনিরা। ঘটনার পর পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চলছে। সাধারণ মানুষের এখন একটাই দাবি, পুলিশ অবিলম্বে দোষীদের খুঁজে বের করুক এবং গুমার নির্জন এলাকাগুলিতে পুলিশি টহলদারি জোরদার করা হোক।

Be the first to comment