সমস্ত বৈধ ভোটারের নাম নথিভুক্তির দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ, মহকুমাশাসকের হাতে স্মারকলিপি

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর : 

সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় অবিলম্বে নথিভুক্ত করে তাঁদের নাগরিক অধিকার সুরক্ষিত করার দাবিতে মঙ্গলবার কৃষ্ণনগর সদর মহকুমাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ (প্রস্তুতি কমিটি)। সংগঠনের ডাকে নদীয়া জেলার চারটি ব্লক থেকে প্রায় পাঁচ শতাধিক মানুষ মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি মহকুমা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্দেশে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

মিছিলটি কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছায়। এরপর দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ব্লক থেকে আসা প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, ভোটার তালিকায় সমস্ত বৈধ নাগরিকের নাম অন্তর্ভুক্ত করা গণতান্ত্রিক অধিকার রক্ষার অন্যতম শর্ত। কোনও যোগ্য নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, ভোটাধিকার কেবল একটি সাংবিধানিক অধিকার নয়, এটি গণতন্ত্রের ভিত্তি। তাই ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত।

সংগঠনের পক্ষ থেকে আগামী ১৪ জুলাই কলকাতায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তর অভিযানের কর্মসূচির ঘোষণা করা হয়। ওই কর্মসূচিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বৃহত্তর সংখ্যায় মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান নেতৃত্ব।

এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রবীর দে, বিশিষ্ট আইনজীবী মোজাম্মেল হোসেন মণ্ডল, মহিউদ্দিন মণ্ডল, কামাল উদ্দিন শেখ, মধুমিতা কুণ্ডু এবং সুমিতা বিশ্বাস। কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*