রোজদিন ডেস্ক :
কেরলের ওয়েনাদে প্রবল বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধসে আজ চার জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আরও কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আরও কেউ চাপা পড়ে আছেন কিনা উদ্ধারকারীরা খতিয়ে দেখছেন।
সূত্রের খবর, মলপ্পুরম ও ওয়েনাদের সংযোগস্থলে সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। কাল্লাদিতে মীনাক্ষী সেতুর কাছে ধস নামে। ফলে নির্মীয়মান সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। স্থানীয় মানুষ দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ উদ্ধারকারীরা আপ্রাণ উদ্ধারকাজ চালাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ওখানে ২৬৫ মিমি বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জন্য এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ জুলাই ভয়ঙ্কর ভূমিধসে ওয়েনাদে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।।প্রায় তিনশোর বেশি মানুষ প্রাণ হারান। বহু সম্পত্তি বিনষ্ট হয়।
ওয়েনাদের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এই বিপর্যয়ে গভীর শোক ও সমবেদনা ব্যক্ত করেছেন। তিনি কেরলম সরকারকে এই ভয়াবহ বিপর্যয়ে সব রকম সহায়তা করার আর্জি জানান।
উল্লেখ্য, কেরলমে এখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতাসীন। দুই মন্ত্রী টি সিদ্দিকী ও অনিল কুমার দুর্গত এলাকায় যাচ্ছেন।
জেলাশাসক আগামীকাল ওখানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment