রোজদিন ডেস্ক :
বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে তৃণমূলের ছাত্র, যুব সংগঠনের মিছিল নিয়ে আজ দুপুরে ধুন্ধুমার বাধে। আদালতের অনুমতি নিয়ে দলের ছাত্র, যুবরা বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল বার করার প্রস্তুতি নিয়েছিলেন। সেখানে বহু বিজেপি কর্মী সমর্থক জড়ো হন। রীতিমত আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁরা, চোর চোর ধ্বনি দেন৷ উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে তাঁদের তুমুল বচসা, মারামারি বাধে। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়৷ বহু পুলিশ সেখানে মোতায়েন থাকলেও দু-পক্ষকে সামাল দিতে রীতিমত হিমসিম খান তাঁরা।
কালিঘাটে এই খবর পৌঁছাতেই রণমূর্তি ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। অনুগামীরা-সহ হাতে হ্যান্ড মাইক নিয়ে তীব্র কন্ঠে রাজ্য সরকার, বিজেপি, পুলিশকে আক্রমণ করেন। বলেন, পুলিশ এখন বিজেপির দলদাস হয়ে গেছে। থানার আইসি এখন বিজেপির মন্ডল সভাপতি। এসপি ওদের জেলা সভাপতি!! আইনশৃঙ্খলা বলে কিচ্ছু নেই! আদালতের অনুমতি নিয়ে মিছিলে বাধা দিয়ে আদালত অবমাননা করছে। এর বিরুদ্ধে তাঁরা আবার আদালতে যাবেন।
আজ সকাল থেকে বিজেপি তাঁর বাড়ির সামনে হাজার খানেক বাইক নিয়ে মিছিল করেছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হেলমেটহীন এই সব বাইক বাহিনী চিৎকার করে তাঁকে ভয় দেখিয়েছে। পুলিশ তখন শুধু দাঁড়িয়ে দেখেছে বলে তোপ দাগেন। এক সময় তীব্র কন্ঠে বলেন, তিনি বিজেপিকে দোষ দেবেন না, দোষ পুলিশেরই। তারা নিজেদের দায়িত্ব পালন করছে না। বিজেপিকে এক হাত নিয়ে মমতা ব্যানার্জি বলেন, ওরা কিভাবে ক্ষমতায় এসেছে, সবাই জানে। তাঁদের আটকে রেখেছে। এই পরিবর্তন রাজ্য চেয়েছিল?
বিজেপির আক্রমণে মিছিলে অনেক তরুণ, তরুণী আহত হয়েছেন অভিযোগ করেন তিনি। নিজের বাড়ির সামনে থেকে তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তখন ও অভিযোগ করেন, পুলিশ হাসপাতালে ও যেতে বাধা দিচ্ছে। বিজেপিকে নিশানা করে রুষ্ট মমতা ব্যানার্জি আরও বলেন, যারা রামের টাকা চুরি করে, প্রণামী বাক্সের টাকা চুরি করে, তারা আবার রামের নামে ধ্বনি দিচ্ছে!! লজ্জা করা উচিত।
আজ সকাল থেকে তৃণমূল যুব ছাত্রদের এই মিছিল বানচাল করতে বিজেপি পথে নেমেছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর অনুগামীরা।
পরে সমাজ মাধ্যমে এই সব নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। আজ সকাল থেকেই এই কর্মসূচি বানচাল করতে বিজেপি লুম্পেনদের নিয়ে পুলিশ ব্যবস্থা করেছিল বলে তোপ দাগেন। এই আমলে রাজ্যের কোথাও নারী নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন। বলেন, তিনি নিজে গেলে ওখানে আরও ভিড় হোত বলে যাননি। কিন্তু যেভাবে পুলিশের সাহায্যে বিজেপি তাঁদের ছাত্র যুবদের আক্রমণ করলো, তার তীব্র ধিক্কার জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Be the first to comment