রোজদিন ডেস্ক :
রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। রাজ্যে পালাবদলের পর সুখেন্দু শেখর রায় দের মত তিনিও তৃণমূলের সাংসদ পদে ইস্তফা দেবেন বলে আগেই শোনা গেছিল। সম্প্রতি তিনি পরিবারের সঙ্গে বিদেশ ভ্রমণে গেছিলেন। সেখান থেকে ফিরেছেন।
আজ কোয়েল মল্লিক দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফা পত্র দেন৷
সংক্ষিপ্ত এই ইস্তফাপত্রে তিনি লিখেছেন,” আমি রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দিলাম। অনুগ্রহ করে অবিলম্বে তা গ্রহণ করুন। ”
এরপর রাজনৈতিক মহলকে চমকিত করে চলে যান বিজেপি মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেখানে তাঁর সঙ্গে বৈঠক করেন।
চলতি বছর মমতা ব্যানার্জি জনপ্রিয় এই অভিনেত্রীকে দলের সাংসদ করেছিলেন। সাংসদ অভিষেক ব্যানার্জি তাঁর বাবা জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে দেখাও করেন।
৬ এপ্রিল কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। যদিও তিনি সংসদের অধিবেশনে যোগ দেননি।
ইস্তফা দেওয়ার পর বিজেপি মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর দেখা করা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তিনিও সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পদাঙ্ক অনুসরণ করে বিজেপিতে যোগ দিয়ে ফের রাজ্যসভার সাংসদ হবেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, কোয়েল মল্লিক কখনও রাজনীতি করেন নি, ওঁকে কয়েকদিন মমতা ব্যানার্জির সঙ্গে দেখা গেছিল। উনি ওঁকে সাংসদ করে দেন। বেশ কিছুদিন উনি (কোয়েল মল্লিক) নিরুদ্দেশ ছিলেন, এখন দেখা মিললো ভাল বলে তিনি মন্তব্য করেন।
শমীক ভট্টাচার্য আজও বলেন, তৃণমূল কোন রাজনৈতিক দলই না, ওখানে কে এলেন, গেলেন তা নিয়ে তাঁদের কোন উৎসাহ নেই।

Be the first to comment